প্রিন্ট এর তারিখঃ Sep 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: প্রকৃত ছিনতাইকারীদের গ্রেপ্তার করার দাবি ডিবির

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে ছিনতাইকৃত মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার এই দুই ব্যক্তিকে ঘটনায় জড়িত ‘প্রকৃত ছিনতাইকারী’ বলছে ডিবি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, ছিনতাইকারীদের রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।ছিনতাইকৃত মালামাল ছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা টেবলেট। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি অটোরিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট